সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর খাল থেকে বনদস্যু জিয়া বাহিনী প্রধান জিয়া ও তার সেকেন্ড ইন কমান্ডসহ চারজনকে গ্রেফতার করেছে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা দুইটি ওয়ান-শুটারগান, দুটি পাইপগান ও ১৯ রাউন্ড গুলি জব্দ করেছে।
সোমবার ভোর রাত তিনদিকে কাটেশ্বর খালে এ ঘটনা ঘটে। গ্রেফতাকৃতরা হলেন, জিয়া বাহিনীর প্রাধান জিয়াউর রহমান জিয়া (৩৭), মিন্টু গাজী (৩২), মাসুম বিল্লাহ (২৫) ও ইউনুচ আলি পঁচা (২৪)।
র্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম জানান, বনদস্যু জিয়া বাহিনী কাটেশ্বর খাল এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও ও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ২০ মিনিট গুলি বিনিময়ের পর বনদস্যুরা পিছু হটে যায়। এরপর র্যাব সেখান থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বনদস্যু জিয়া বাহিনীর প্রধান জিয়াসহ তার তিন সহযোগীকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, তাদের শ্যামনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।