দৌলতপুরে শ্রমিক সর্দারকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মজনু (৩৫)  নামে এক শ্রমিক সর্দারকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছে  দুর্বৃত্তরা। পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠিয়েছে।
 
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, উপজেলার আল্লারদর্গাস্থ বিশ্বাস এগ্রোর শ্রমিক সর্দার ও পাশ্ববর্তী চামনাই গ্রামের মজনুকে রবিবার সন্ধ্যায় পাঁচ/সাতজন দুর্বৃত্ত বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যায়। মজনুর পরিবার অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে দৌলতপুর থানায় অভিযোগ দেয়। সোমবার বেলা ১২ টার দিকে পার্শ্ববর্তী আমদহ মাঠে কর্মরত কৃষকরা মুখ ও হাত পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেবার পথে তিনি মারা যান।
 
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা মজনুকে মারপিট করে হাত পা বেঁধে মুখে বিষ ঢেলে দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।