পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ম সেমিস্টারের শিক্ষার্থীদের আন্দোলনে ৬ ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় থাকার পর মুক্ত হয়েছে প্রশাসনিক ভবন।
সোমবার সকাল নয়টায় প্রায় ৭০ জন শিক্ষার্থীর ওপর আরোপিত প্রবেশন তুলে নেয়ার দাবিতে ক্লাশ বন্ধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। সকাল সাড়ে নয়টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ফটক বন্ধ করে দেয়। এতে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা। বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। পরে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টরিয়াল বডি কয়েক দফা আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন আশ্বাস দিলেও শিক্ষার্থীরা দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। পরে ঘণ্টাব্যাপী বৈঠকের পর প্রশাসন দাবি মেনে নিলে আন্দোলনের সমাপ্তি ঘোষণা করে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ডিন কাউন্সিলের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে প্রশাসন।