নরসিংদীর শিবপুর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তারা বলেছেন, শিবপুরে জঙ্গিরা যেন সংঘটিত না হতে পারে সে ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে এবং মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ এবং ইভটিজিং যারা করছে তাদের কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে।
আজ সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ইউএনও মোহাম্মদ আশরাফুল আফসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, শিবপুর মডেল থানার ওসি (তদন্ত) মোল্লা আজিজুর রহমান, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব আ. মোতালীব খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা, মুক্তিযোদ্ধা একে নাসিম আহমেদ হিরণ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরীয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার। পৌরশহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক, ও সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার ব্যাপারে বৈঠকে আহ্বান জানানো হয়।