নয় মাসের জন্য মাঠের বাইরে মার্শ

কাঁধের ইনজুরির কারণে নয় মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন অস্ট্রেলিয়ার পেস অলরাউন্ডার মিচেল মার্শ। ফলে এবছর ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে খেলতে পারবেন না তিনি। অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে। 
 
গত সপ্তাহে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনজুরিতে পড়া মার্শ সিরিজের বাকি দুই টেস্ট না খেলেই দেশে ফিরে যান । 
 
দেশে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, মার্শের কাঁধে অস্ত্রোপচার করতে হবে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, ‘বড় ধরনের অস্ত্রোপচার করতে হবে মার্শকে। আগামী নভেম্বর থেকে শুরু হওয়া অ্যাশেজ সিরিজে তাকে পাওয়া যাবে না।’
 
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে খেলেছিলেন মার্শ। আশানুরূপ কিছুই করতে পারেননি তিনি। চার ইনিংসে ৪৮ রান ও মাত্র ৫ ওভার বোলিং করে ছিলেন উইকেট শূন্য। বাসস।