ভিকারুননিসার শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত বর্ধিত ‘ফি’ স্থগিত

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটি কর্তৃক নির্ধারণকৃত বর্ধিত ‘ফি’ আদায় এক বছরের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন। এছাড়া অ্যাডহক কমিটি সংক্রান্ত প্রবিধানমালার ৩৯ ধারা কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ নয়জনকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। 
 
ইউনূস আলী জানান, ভিকারুননিসার অ্যাডহক কমিটি মাসে স্কুল পর্যায়ে ৩০০ টাকা এবং কলেজ পর্যায়ে ৫০০ টাকা হারে বেতন বৃদ্ধি করেছে। এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে বার্ষিক ৫০০ টাকা ‘হিতৈষী ফি’ নেওয়া হচ্ছে। এই ‘ফি’ বৃদ্ধির বিষয়টি চ্যালেঞ্জ করা হয় আবেদনে। 
 
এদিকে ২০০৯ সালের বেসরকারি স্কুল ও কলেজ গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালার ৩৯ ধারায় বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি বা ক্ষেত্রমত ম্যানেজিং কমিটি পুনর্গঠনে ব্যর্থ হলে তা সঠিকভাবে গঠিত না হলে বা ভেঙ্গে দেওয়া হলে অনধিক ছয় মাসের জন্য অ্যাডহক কমিটি গঠিত হবে। ইউনুছ আলী বলেন, প্রবিধানমালার এই ধারাটি ১৯৬১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধ্যাদেশের সঙ্গে সাংঘর্ষিক। কারণ ওই অধ্যাদেশে অ্যাডহক কমিটি করার কোনো বিধান ছিল না।