বন্ধবন্ধু সেতু পার হতেই ৬ ঘণ্টা

‘ভাই, বঙ্গবন্ধু সেতু পার হতেই সময় লাগল ৬ ঘণ্টা। বলছিলেন উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী কাঁচামাল বোঝাই ট্রাকের চালক আমজাদ হোসেন। তার মত ভোগান্তিতে পড়েছেন আরো বহু পরিবহনের চালকসহ যাত্রীরা।

বঙ্গবন্ধু সেতু ইজারা পাওয়া প্রতিষ্ঠান কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) দায়িত্ব নেয়ার পর পূর্ব ঘোষণা ছাড়াই টোল আদায়ে তাদের নিজস্ব ব্যবস্থা স্থাপনে গত রবিবার দুপুরে কাজ শুরু করে। মূলত এই কারণেই সেতুর উভয় পাশে সৃষ্টি হয় যানজট। গতকাল সোমবার সকালের দিকে প্রায় ৩০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। পরে বেলা ৩টার দিকে স্বাভাবিক হয় যান চলাচল।

জানা গেছে, বঙ্গবন্ধু সেতুর উভয় পাশের টোলপ্লাজায় ছয়টি করে ১২টি বুথ রয়েছে। নতুন সিস্টেম স্থাপনে উভয়দিকের ছয়টি বুথের মধ্যে পাঁচটিই বন্ধ রাখা হচ্ছে। চালু থাকে উভয়দিকে মাত্র একটি করে বুথ, এ কারণেই সৃষ্টি হচ্ছে যানজট। রবিবার মধ্যরাত থেকে যানজট তীব্র আকার ধারণ করে। গতকাল সোমবার সকাল ৬টা থেকে টাঙ্গাইলের করটিয়া এবং সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের নলকা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকা পড়ে বিভিন্ন ধরনের পরিবহন।

ট্রাক চালকরা অভিযোগ করেন, পূর্ব ঘোষণা না দিয়ে নতুন সিস্টেম চালু করা হয়। আর সেতু পারের নামে বাড়তি টাকা আদায় করছে কর্তৃপক্ষ। টাকা আদায় নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে চালকদের তর্ক-বির্তকের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে।

জানা গেছে, সিস্টেম স্থাপনে আগামী এক মাস কাজ চলবে। প্রতিদিন দুপুর থেকে কাজ শুরু হবে। নাম প্রকাশে অনিচ্ছুক মহাসড়কে দায়িত্বপ্রাপ্ত হাইওয়ে পুলিশের একাধিক কর্মকর্তা জানান, বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ আমাদের সঙ্গে সমন্বয় না করে হঠাত্ এমন সিদ্ধান্ত নেয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মহাসড়কে চার লেনের কাজ চলায় এমনিতেই যানজট নিরসনে বেগ পোহাতে হয়। তাই বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ আগে থেকে এবিষয়ে অবহিত করলে              মহাসড়কে যানজট নিরসনে বাড়তি সকল ব্যবস্থাই গ্রহণ করা যেত।

বঙ্গবন্ধু সেতু টোল আদায়ে নতুন নিয়োগ পাওয়া কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের (সিএনএস) নির্বাহী পরিচালক জিয়াউর বলেন, নতুন সিস্টেমটি বিআরটিএ সার্ভারের সঙ্গে সংযুক্ত। এই সিস্টেম স্থাপনের ফলে প্রত্যেকটি গাড়ির ব্লু-বুক অনুযায়ী পরিবহনের আকার পাওয়া যাচ্ছে এবং সে অনুযায়ী টোল আদায় করা হচ্ছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) বঙ্গবন্ধু সেতুর সহকারী প্রকৌশলী মো. ওয়াসিম আলী জানান, বিবিএ থেকে নতুন সিস্টেম চালুর জন্য চিঠি ইস্যু করা হয়েছে। সে অনুযায়ী নতুন নিয়োগ পাওয়া প্রতিষ্ঠান সিএনএস তাদের কাজ শুরু করেছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভোরপ্রাপ্ত কর্মকর্তা আছাবুর রহমান জানান, বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে হঠাত্ করে সিস্টেম পরিবর্তন করার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল সকাল ৬টার পর থেকে যানজটের ভয়াবহ আকার ধারণ করেছে।

ইত্তেফাক/নূহু