‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের জনগণের স্বার্থবিরোধী কোনো চুক্তি করবেন না। শেখ হাসিনা যা করবেন, তা বাংলাদেশের জনগণের স্বার্থেই করবেন। আর তিস্তা চুক্তি শেখ হাসিনা ছাড়া কেউ করতে পারবেন না। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে ‘বঙ্গবন্ধু ও  ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গ্রন্থটি রচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ আব্দুস ছালাম।

বিএনপির উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, আপনারা কোনো সমস্যার সমাধান করতে পারেন না। শুধু পারেন উসকানি দিতে। যখন ক্ষমতায় ছিলেন তখন কোনো সমস্যার সমাধান করেননি, পাকিস্তানের ভয়ে। এখন দেশপ্রেম দেখাচ্ছেন। যদি দেশপ্রেম এতই থাকে তা হলে তখন সমস্যার সমাধান করেননি কেন। বাংলাদেশে বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনার মতো দেশপ্রেমিক কেউ নেই। স্বাধীনতাবিরোধী ঘাতক চক্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ    হবার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, তারা জ্ঞানপাপী। চিরদিনের জন্য এই জ্ঞানপাপীদের বর্জন করতে হবে। খুনিদের সাথে কেউ থাকতে পারে না। খুনি চক্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক, সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

ইত্তেফাক/নূহু