জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীতে সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিব উত্সব ২০১৭ উদযাপন হতে যাচ্ছে। আগামী ১৮ মার্চ আজিমপুর কমিউনিটি সেন্টার মাঠে উত্সবটির উদ্বোধন করা হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের উদ্যোগে উত্সব চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।
গতকাল সোমবার লালবাগ ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান হাসিবুর রহমান মানিক। তিনি বলেন, বঙ্গবন্ধুর চেতনাকে সারাদেশে তথা বিশ্বে ছড়িয়ে দিতে মুজিব উত্সবের আয়োজন করা হয়েছে। শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সী নারী-পুরুষ এই উত্সবে অংশ নিয়ে বঙ্গবন্ধুর চেতনাকে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিতে পারবে।
মেলায় বঙ্গবন্ধুর চেতনাকে জাগিয়ে তোলার জন্য চিত্রাঙ্কন, কবিতা পাঠ, বই পড়া, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই পাঠসহ বিভিন্ন রকম খেলা ধুলার আয়োজন করা হয়েছে। ওইদিন উত্সবটি উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
ইত্তেফাক/নূহু