বেনাপোল দিয়ে ফিরল আট বাংলাদেশি শিশু

বাংলাদেশি আট শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা। পাচারকারীদের মিথ্যা প্রলোভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়ার ২১ মাস পর ‘স্বদেশ প্রত্যাবর্তনের’ মাধ্যমে আজ মঙ্গলবার দুপুরে তারা দেশে ফিরেছে। 
 
ফেরত আসা শিশুরা হলো- আবুল কালাম শেখের ছেলে ইয়াসিন শেখ (১২) ও ইব্রাহিম শেখ (১৫), আবুবকর সিদ্দিকের ছেলে মাসুম বিল্লাহ (১৬), জামাল ফারুকের ছেলে মুজাহিদুল ইসলাম (১৬), মৃত ইবাসতুল্লাহ সর্দারের ছেলে আজিবার সর্দার (১৭), আবুল হোসেনের ছেলে ওয়াসিকুল ইসলাম (১৬), সরোয়ার গাজির ছেলে নাঈম গাজি (১৪) ও সিরাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (১৬)। এরা খুলনা ও সাতক্ষীরা জেলার বাসিন্দা। 
 
বেনাপোল চেকপোস্ট বিজিবি জানান, ২১ মাস আগে এসব শিশুদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে একটি দালাল চক্র দেশের বিভিন্ন সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে দালালরা তাদের ভালো কাজের প্রতিশ্রুতি ভঙ্গ করে ফেলে পালিয়ে যায়। এ সময় সেদেশের পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে কলকাতার ‘ধ্রুবাশ্রম’ নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরবর্তীতে এনজিও সংস্থা এসব শিশুদের নাম, ঠিকানা জোগাড় করে যাচাই-বাচাই করে। পরে দু, দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগে ‘স্বদেশ প্রত্যাবর্তনের’ মাধ্যমে বাংলাদেশ ফেরত পাঠায়। 
 
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপূর্ব হাসান  ‘স্বদেশ প্রত্যাবর্তনরে’ মাধ্যমে আট বাংলাদেশি শিশু দেশে ফেরত আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, কাগজপত্রের কাজ সম্পন্ন করে বাংলাদেশ মহিলা আইজীবী সমিতির যশোর শাখার কর্মকর্তা আবুল হোসেন মুহিতের নিকট বুঝিয়ে দেওয়া হবে। সেখান থেকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেবে বলে জানান তিনি।-বাসস।