হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যা মামলা সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস মামলাটি সিলেট প্রেরণ করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, গত বছরের নভেম্বর মাসে মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রশাসনিক আদেশ দেয়া হয়। এই প্রেক্ষিতে মামলাটি মঙ্গলবার সিলেট প্রেরণ করা হয়েছে। এতে মোট সাক্ষী রয়েছেন ৫৭জন। এর মাঝে ইতিমধ্যে ৪৩জনের সাক্ষ্য নেয়া হয়েছে।
উল্লেখ্য, বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের জাকারিয়া শুভ, তার চাচাতো ভাই তাজেল মিয়া, মনির মিয়া ও ইসমাইল মিয়া গত বছরের ১২ফেব্রুয়ারি নিখোঁজ হয়। পরেরদিন বাহুবল থানায় সাধারণ ডায়রি করেন জাকারিয়া শুভর বাবা ওয়াহিদ মিয়া। ১৬ ফেব্রুয়ারি বাহুবল থানায় অপহরণ মামলা দায়ের করেন মনিরের বাবা আব্দাল মিয়া। ১৭ফেব্রুয়ারি গ্রামের পার্শ্ববর্তী বালুর ছাড়া থেকে মাটিচাপা দেয়া অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। এরপরই অপহরণ মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়। বর্তমানে কারাগারে আটক আছে মামলার প্রধান আসামি আব্দুল আলী বাগাল, তার ছেলে জুয়েল মিয়া ও রুবেল মিয়া, ভাতিজা সাহেদ ওরফে সায়েদ ও অন্যতম সহযোগী হাবিবুর রহমান আরজু। মামলায় পলাতক রয়েছে উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়া।