বাংলাদেশ ও ভারত আজ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ থেকে ১০ এপ্রিল নয়াদিল্লি সফর করবেন।
ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ থেকে ১০ এপ্রিল ২০১৭ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারতে রাষ্ট্রীয় সফর করবেন।’
এতে বলা হয়েছে, ৮ এপ্রিল দুই নেতা ভারতের রাজধানীতে আনুষ্ঠানিক বৈঠক করবেন।
শেখ হাসিনা সর্বশেষ ২০১০ সালের জানুয়ারিতে ভারত সফর করেছেন এবং তাঁর ভারতীয় প্রতিপক্ষ ২০১৫ সালের জুনে বাংলাদেশ সফর করেন।
বিবৃতিতে আরো বলা হয়, ‘আসন্ন সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে এবং দুই নেতার মধ্যে বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় হবে’। -বাসস।