সচিবালয়ে পরিত্যক্ত কাগজের স্তুপে আগুন

সচিবালয়ে মঙ্গলবার দুপুরে ৬ নম্বর ভবনের পাশে পরিত্যক্ত কাগজের স্তুপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই আগুন নেভায়। এতে বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও ধোঁয়ার কারণে সচিবালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে আগুন লাগার কারণ নিশ্চিত না হলেও ফায়ার সার্ভিস ধারণা করছে, জ্বলন্ত সিগারেটের ফেলে দেওয়া অংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 
 
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আতাউর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ৬ নম্বর  ভবনের সীমানা প্রাচীরের পাশে রাখা আবর্জনা ও অব্যবহৃত কাগজের স্তুপে হঠাৎ করে আগুন ধরে যায়। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়লে সচিবালয়ে থাকা ফায়ার সার্ভিসের ইউনিটের কর্মীরা দ্রুত সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলে।
 
এদিকে রাজধানীর বাংলামোটর সোনারতরী টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত গোল্ডেন চিমনী রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত সোমবার রাত আড়াইটার দিকে ওই ভবনের পাশে অবস্থিত বিদ্যুতের ট্রান্সর্ফমার এর স্পুলিং থেকে রেস্টুরেন্টের স্টোর রুমে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই আগুন নেভায়। তবে এ অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা না ঘটলে স্টোর রুমের ৫ লাখ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়েছে।