কৃষ্ণাঙ্গ হওয়ায় অনেক কাজ হারিয়েছি, ব্রিটিশ অভিনেতা কুলুইয়া

হলিউডে শ্বেতাঙ্গ নারী ও কৃষ্ণাঙ্গ পুরুষের প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘গেট আউট’ সিনেমায় ব্রিটিশ কৃষ্ণাঙ্গ অভিনেতা ড্যানিয়েল কুলুইয়াকে প্রধান চরিত্রে নেয়ার সমালোচনা করেছিলেন স্যামুয়েল জ্যাকসন। পাল্প ফিকশনখ্যাত কিংবদন্তি কৃষ্ণাঙ্গ অভিনেতা মনে করেন, এই চরিত্রের প্রকৃত জটিলতা একমাত্র মার্কিন কৃষ্ণাঙ্গের পক্ষেই অনুভব করা সম্ভব। 
 
তবে কুলুইয়া বলেছেন, গেটআউট সিনেমায় কাজ করতে পেরে তিনি গর্বিত। স্যামুয়েল জ্যাকসনকে অন ও অফস্ক্রিনের কিংবদন্তি উল্লেখ করে তিনি বলেন, কোনো সিদ্ধান্ত বা কাজ করার পর সেটা প্রকাশ্যে আসার পরে সেটা নিয়ে মানুষ মতামত প্রদান করে থাকে। সবারই মত প্রকাশের অধিকার রয়েছে।
 
বিশ্বের সব কৃষ্ণাঙ্গকে তিনি ভালোবাসেন উল্লেখ করে বলেন, আমি বিশ্বজুড়ে আমার সব কৃষ্ণাঙ্গ ভাইবোনকে ভালোবাসি এটা আমার অবস্থান। আমি শুধু জানি এটা আমার ক্যারিয়ারের প্রথম লিড রোল ছিল এবং কৃষ্ণাঙ্গ হওয়ার জন্য আমি অনেক কাজ হারিয়েছি।
 
উল্লেখ্য, গেট আউট সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। বক্স অফিসে এখন পর্যন্ত ১০০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে সিনেমাটি। বিবিসি।