পুনর্বাসন না করে ফুটপাত থেকে হকার উচ্ছেদ কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে হকার পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কেন নির্দেশ দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে ব্যারিস্টার সারোয়াত সিরাজ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু শুনানি করেন।
২০১৬ সালের ৪ এপ্রিল ফুটপাত থেকে হকার উচ্ছেদ ও পুনর্বাসন বিষয়ে সরকার একটি নির্দেশনা জারি করেন। ওই নির্দেশনায় বলা হয়, ফুটপাতের দোকানদারদের পুনর্বাসনের লক্ষ্যে সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে নির্দিষ্ট সময়ের জন্য এলাকা ভিত্তিক সাপ্তাহিক বাজারের ব্যবস্থা করতে হবে। এছাড়া হকারদের স্থায়ীভাবে পুনর্বাসনের লক্ষ্যে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির নির্ধারিত স্থানে বহুতল মার্কেট নির্মাণ করে হকারদের পুর্নবাসিত করতে বলা হয় ওই নির্দেশনায়।
কিন্তু সরকারের এই সিন্ধান্ত বাস্তবায়ন না করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ফুটপাত থেকে হকার উচ্ছেদ করে। এই হকার উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ছিন্নমূল হকার্স সমিতির সভাপতি কামাল সিদ্দিকী। শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে।