গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট ঘোষণা না করা পর্যন্ত লাগাতার অবরোধ কর্মসূচিতে অনড় থাকবে বলে জানিয়েছে কলেজটির শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় গতকালও তারা দ্বিতীয় দিনের মতো নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করে। বেলা দুইটায় তারা অবরোধ তুলে নেন। মঙ্গলবার ওই এলাকার মার্কেটগুলোর সাপ্তাহিক বন্ধের দিন থাকা সত্ত্বেও জনদুর্ভোগ ছিলো। এর আগে গত সোমবার তারা একই স্থানে অবরোধ করে রাখে।
আন্দোলনের অন্যতম সমন্বয়কারী ইশরাত জাহান ইত্তেফাককে বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন অবরোধ চলবে।
প্রসঙ্গত, কলেজটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট করার দাবিতে গত বছর সেপ্টেম্বরে আন্দোলন শুরু করে ছাত্রীরা। ২১ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে তারা। ৪ অক্টোবর নীলক্ষেত মোড় অবরোধ করলে শিক্ষামন্ত্রী দাবি পূরণের আশ্বাস দেন। পরে শিক্ষা সচিবের নেতৃত্বে একটি কমিটি করে দেন শিক্ষামন্ত্রী। কিন্তু ছয় মাসেও সেই প্রতিবেদন না আসায় গত শনিবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রতিদিন অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
ইত্তেফাক/নূহু