চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৩৭ শতাংশ। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩ শতাংশ বেশি। গত বছর এই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ৩৪ শতাংশ। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গতকাল এডিপির হালনাগাদ প্রতিবেদনটি সংবাদিকদের কাছে উপস্থাপন করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় জানানো হয়, চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে এডিপিতে মোট খরচ হয়েছে ৪৫ হাজার ৫৩৮ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ২৯ হাজার ৮২৭ কোটি (৪২ শতাংশ) এবং বৈদেশিক সহায়তা থেকে ১২ হাজার ১৭০ কোটি টাকা (৩০ শতাংশ) খরচ হয়েছে। এছাড়া সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় হয়েছে তিন হাজার ৯৩৫ কোটি টাকা (৩১ শতাংশ)। গতবছরের একই সময়ে এডিপি মোট ব্যয় হয়েছিল ৩৪ হাজার ৬৭৫ কোটি টাকা। এর মধ্যে সরকারের তহবিল থেকে ২২ হাজার ৮৫৪ কোটি টাকা (৩৭ শতাংশ) এবং প্রকল্প সাহায্য থেকে ব্যয় হয়েছিল ৭১০ হাজার ৩৫৫ কোটি টাকা (৩০ শতাংশ) এবং নিজস্ব তহবিল থেকে ব্যয় হয়ে ছিল এক হাজার ৪৬৬ টাকা (৩৭ শতাংশ)। এ সময়ে ৩৩ টি মন্ত্রণালয় ও বিভাগের এডিপি বাস্তবায়ন হার ৪০ শতাংশেরও কম।
অর্থবছরের ৮ মাস পর্যন্ত মাত্র ১০ মন্ত্রণালয় বিভাগ ৫০ শতাংশের বেশি এডিপি বাস্তবায়ন করেছে। এর মধ্যে অন্যতম হলো, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (৮২ শতাংশ), গৃহায়ণ ও গণপূর্ণ মন্ত্রণালয় ৫৩ শতাংশ, কৃষি মন্ত্রণালয় ৫১ শতাংশ, বিদ্যুত্ বিভাগ ৫০ শতাংশ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ৫০ শতাংশ।
আলোচ্য সময়ে স্থানীয় সরকার বিভাগ ৪৮ শতাংশ, সেতু বিভাগ ২১ শতাংশ, রেলপথ মন্ত্রণায়ল ২৭ শতাংশ, পানি সম্পদ ২৫ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয় ৩১ শতাংশ, নৌ পরিবহন মন্ত্রণালয় ৩৫ শতাংশ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ৪৬ শতাংশ, স্বাস্থ্য মন্ত্রণালয় ৩৭ শতাংশ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৩৬ শতাংশ বাস্তবায়ন করেছে।