ক্রিকেটার আরাফাত সানীর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জামিন শুনানি হবে আজ। বুধবার দুপুর ২টায় বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে এই জামিন শুনানি হবে। এদিন আরাফাত সানীকে আদালতে হাজির করা হবে জানিয়েছেন সানীর আইনজীবী এম জুয়েল আহমেদ।
গত ৯ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় এক মাসের জামিন পান আরাফাত সানী। তবে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় কারাগারে আটক থাকায় কারামুক্ত হতে পারেননি আরাফাত সানী। বুধবার এই মামলায় জামিন পেলে তার কারামুক্তিতে বাধা থাকবে না বলে তার আইনজীবী জানিয়েছেন। তবে গত ১৫ ফেব্রুয়ারি এ মামলায় আরাফাত সানীর জামিন নাকচ করে দেন একই আদালত।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, আসামির সঙ্গে নাসরিন সুলতানা নামের এক নারীর প্রায় ৭ বছর আগে পরিচয়ের সূত্রে উভয়ের ঘনিষ্ঠতা হয়। একপর্যায়ে তারা অভিভাবককে না জানিয়ে ২০১৪ সালের ৪ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নাসরিন বিভিন্ন সময়ে বিয়ের বিষয়টি অভিভাবকদের অবহিত করে আনুষ্ঠানিকভাবে তাকে তুলে নেয়ার জন্য বলেন। কিন্তু সানী তার কথা না শুনে ভয়ভীতি দেখায়।
গত বছর ১২ জুন রাতে সানী নাসরিনের নাম এবং মোবাইল নাম্বার ব্যবহার করে ফেসবুকে ফেক আইডি খুলে ওই আইডি থেকে নাসরিনের খোলা আইডিতে অন্তরঙ্গ অশ্লীল ছবি ফেসবুক মেসেঞ্জারে পাঠায়। এ ছাড়া নানা রকম হুমকি দিতে থাকে।
২২ জানুয়ারি সকালে আমিনবাজারের বাসা থেকে সানীকে গ্রেফতার করে পুলিশ। গত ৫ জানুয়ারি তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন নাসরিন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।