রাজধানীর যান চলাচল নিয়ন্ত্রণে যান্ত্রিক সিগন্যালিং সম্পূর্ণ ব্যর্থ প্রতীয়মান হওয়ায় যানজট নিরসনে সিগন্যালবিহীন পদ্ধতির খুঁজছে সরকার। ফ্লাইওভার ও ইউ-লুপ সিগনালবিহীন পদ্ধতি হিসেবে ব্যবহার করা হলেও ফ্লাইওভার নির্মাণ করেও ফল পাওয়া যাচ্ছে না।
তবে চট্টগ্রাম ও ঢাকায় একের পর এক দুর্ঘটনায় ফ্লাইওভার জনগণের নিকট আতঙ্কে পরিণত হয়েছে। ফ্লাইওভার নির্মাণ না করেই সিগন্যালবিহীন ও একমুখী যান চলাচলের মাধ্যমে রাজধানীর বড় অংশের যানজট নিরসন সম্ভব।
উদাহরণস্বরূপ বিজয় সরণি , ফার্মগেট, খামারবাড়ি ও রোকেয়া সরণিতে নিরবিচ্ছিন্নভাবে সিগন্যালবিহীন ও একমুখী যান চলাচল করা যায়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আগারগাঁও পর্যন্ত বাইপাসের প্রয়োজন হবে না। কোন প্রকার স্থাপনা নির্মাণ না করে শুধুমাত্র মনিপুরিপাড়ার চারপাশের রাস্তার ডিভাইডারগুলো সরিয়ে ফেলে খুবই স্বল্প সময়ের মধ্যে একমুখী যান চলাচল শুরু করা যায়।
দীর্ঘমেয়াদী ও স্থায়ী প্রকল্পসমূহ বাস্তবায়নাধীন অবস্থায় একমুখী যান চলাচলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে নগরীর এই অংশকে যানজটমুক্ত করা সম্ভব। এবিষয়ে ডি.এম.পি কমিশনার মহোদয়সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।