শুটিংয়ের বিরতিতে গান গাইলেন অমিতাভ

প্রায় পাঁচ দশক ধরেই নানা চরিত্রে বলিউডি পর্দা শাসন করেছেন তিনি। আর এই দীর্ঘ পথের বাঁকে গলা খুলে গানও গেয়েছেন বহু বার। 
 
৭৪ বছরের প্রান্তে এসে ফের এক বার মাইকের সামনে অমিতাভ বচ্চন। এ বার একসঙ্গে গাইলেন দু’টি গান।
 
অকালপ্রয়াত গায়ক-সুরকার আদেশ শ্রীবাস্তবের স্টুডিওতে গত মঙ্গলবার পা রেখে বেশ স্মৃতিকাতর হয়ে উঠলেন অমিতাভ। 
 
নিজের ব্লগে গান গাওয়ার অভিজ্ঞতার কথা শেয়ারও করেছেন বলিউডের শাহেন শাহ।
 
অমিতাভ জানিয়েছেন, আদেশের এই মুম্বইয়ের স্টুডিওতে এক সময় প্রায়শই আসতেন তিনি। আর সেখানেই পর পর দু’টি গান গেয়েছেন অমিতাভ। ব্রহ্মপুত্র নদী নিয়ে বাঁধা হয়েছে একটি গান। আর তাতে সঙ্গী হয়েছেন পাপন। অন্য গানটি একটি তেলের বিজ্ঞাপনের জন্য গেয়েছেন। 
 
টুইটারে রেকর্ডিংয়ের ছবিও শেয়ার করেছেন অমিতাভ। গানের শেষে বলেছেন, যাক! কাজ শেষ। এ বার ব্লগ লেখায় ফেরা আর বিশ্রাম... ।
 
গত ২০১৫ সালে মাত্র ৫১ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান আদেশ। আনন্দ বাজার।