গাজীপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

গাজীপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাহাঙ্গীর (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার রাত আড়াইটার দিকে সিটি করপোরেশনের কাশিমপুর থানার ভবানপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকার মৃত সুন্দর আলীর ছেলে।

গাজীপুর মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. মনজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাতে ভবানীপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে যায় ডিবি পুলিশের একটি দল। এ সময় ওই এলাকায় একটি পরিত্যক্ত ঘরের পাশে অবস্থান নেওয়া জাহাঙ্গীরসহ কয়েকজন ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে জাহাঙ্গীর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে থাকেন এবং অন্যরা পালিয়ে যান। পরে জাহাঙ্গীরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/এমআরএম