শিশু একাডেমিতে শিশুদের বইয়ের মেলা

বাংলাদেশ শিশু একাডেমি বইমেলা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস উপলক্ষে শুরু হওয়া এ মেলা চলবে ২৬ মার্চ পর্যন্ত। 
 
প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় শিশুসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল, সংসদ সদস্য কাজী রোজী এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পরিচালক আনজীর লিটন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ছড়াকার আখতার হুসেন এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পরিচালক (মেলা) মিজানুর রহমান। 
 
মেহের আফরোজ চুমকি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষে এ মেলার আয়োজন। তার জন্ম না হলে আমরা এই সুন্দর বাংলাদেশ পেতাম না। দেশপ্রেমিক নেতা এই বঙ্গবন্ধুকে জানতে হলে, দেশকে জানতে হলে বই পড়তে হবে। বই পড়ে জ্ঞানে বড় হতে হবে। সার্কভুক্ত দেশসমূহের অংশগ্রহণের মাধ্যমে আগামীতে ছোটদের আন্তর্জাতিক বইমেলার আয়োজন করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। 
 
মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘তোমরা এ মেলা ঘুরেফিরে দেখবে, বই কিনবে। শুধু কিনবেই না, বন্ধুদের কাছ থেকে বই নিয়েও পড়বে, আবার তোমার কেনা বইও তাদের পড়তে দিবা।’
 
সপ্তমবারের মতো আয়োজিত এ মেলায় ৫০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।