'২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত হবে'

 
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর বলেছেন, 'বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে। সেজন্য দেশনেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।'
 
বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও রানীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
 
তিনি আরো বলেন, 'বর্তমান সরকার দেশের মানুষকে শিক্ষিত করতে ব্যাপক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া, বিনা বেতনে অধ্যয়ন, লক্ষ লক্ষ টাকা ব্যয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণসহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।'
 
এসময় ঠাকুরগাঁও প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি ইয়াসিন আলী, সংরক্ষিত মহিলা এমপি সেলিনা জাহান লিটা, যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির মহাসচিব মুনছুর আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.এম শাহজাহান সিদ্দিক, রাণীংশকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সইদুল হক, রাণীংশকৈল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম প্রমুখ।