সাঁথিয়ায় পেঁয়াজ কুড়াতে গিয়ে ২ শিশুর মৃত্যু

পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে শাকিল হোসেন (৯) ও রঞ্জিতা (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট গ্রামে এ ঘটনা ঘটে। শাকিল ওই গ্রামের শাহিন হোসেনের ছেলে ও রঞ্জিতা একই গ্রামের আবুল কালামের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যায় শাকিল ও রঞ্জিতা গ্রামের মাঠে পেঁয়াজ কুড়াতে যায়। এ সময় ঝড়বৃষ্টি শুরু হয়। পরে বজ্রপাতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। সাঁথিয়া থানার ওসি জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই শিশুর মৃত্যুতে নাগডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ ঘটনাস্থলে গিয়ে উভয় পরিবারকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন।

ইত্তেফাক/এমআরএম