মিডল অর্ডারে কিছুটা ব্যাটিং বিপর্যয় দেখা দিলেও বেশ স্বাচ্ছন্দ্যেই ৩০০ পেরিয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের দৃঢ়তায় ভালোভাবেই গতকালের বিপর্যয় কাটিয়ে উঠেছে সফরকারীরা। ব্যক্তিগত ৫২ রানে লাকমালের বলে বোল্ড আউট হওয়ার আগে সাকিবের সঙ্গে ৯২ রানে জুটি গড়েছেন অধিনায়ক মুশফিক। সাকিবের সঙ্গে আরো একটি বড় জুটির ইঙ্গিত দিচ্ছেন মোসাদ্দেক হোসাইন। রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩১৩/৬। সাকিব ৫২ ও মোসাদ্দেক ১৪ রানে ব্যাট করছিলেন।
আজ শুক্রবার সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। স্বাগতিক শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৩৮ করতে সক্ষম হয়।
বাংলাদেশ প্রথম ইনিংসের খেলা শুরু করে গতকাল বৃহস্পতিবার দুপুরে। উদ্বোধনীজুটিতে ৯৫ রান সংগ্রহ করে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। কিন্তু শেষ বিকেলের ঝড়ে মুশফিকদের সংগ্রহ দাঁড়ায় ২১৪/৫।