দ্বিতীয় লেগ জিতে কোয়ার্টারফাইনালে ম্যানচেষ্টার ইউনাইটেড

রাশিয়ান ক্লাব এফসি রোস্তভের বিপক্ষে দ্বিতীয় লেগ জিতে ইউরোপা লিগের কোয়ার্টারফাইনালে উঠলো ম্যানচেষ্টার ইউনাইটেড। গত রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে ম্যান ইউ ১-০ গোলে হারিয়েছে রোস্তভকে। প্রথম লেগের ম্যাচ ১-১ গোলে ড্র ছিলো। ফলে ২-১ গোলে এগিয়ে থেকে শেষ আটে উঠে ম্যান ইউ। 
 
গেল সপ্তাহে রোস্তভের মাঠে প্রথম লেগ খেলতে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৫ মিনিটে লিড নিয়েও ম্যাচটি জিততে পারেনি ম্যান ইউ। ৫৩ মিনিটে গোল দিয়ে ১-১ সমতায় ম্যাচ শেষ করে রোস্তভ। 
তাই দ্বিতীয় লেগের ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিলো উভয় দলের কাছেই। তবে প্রতিপক্ষের মাটিতে এক গোল দেয়ায় শেষ আটের দিকে এগিয়ে ছিলো ম্যান ইউ। তাই দ্বিতীয় লেগের ম্যাচে নিজেদের মাঠে কিছুটা সর্তকই ছিলো স্বাগতিকরা। 
 
ওল্ড ট্রাফোর্ডে নিজেদের ঘর সামলানোর পাশাপাশি সুযোগ পেলেই রোস্তভের সীমানায় আক্রমন করেছে ম্যান ইউ। দমে থাকেন রোস্তভও। সুযোগ পেলেই পাল্টা আক্রমন করেছে তারা। কিন্তু দু’দলের কোন আক্রমনই গোলের দেখা পায়নি। ফলে গোল শুন্য ভাবেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। 
তবে দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় ম্যান ইউ। ৭০ মিনিটে সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের যোগান দেয়া বল গোলে পরিণত করেন স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতা। শেষ পর্যন্ত ঐ গোলেই দ্বিতীয় লেগ জিতে নেয় ম্যান ইউ। সেই সাথে কোয়ার্টারফাইনাল নিশ্চিত করে তারা। 
 
ম্যান ইউ’র সাথে কোয়ার্টারফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়ামের আন্ডারলেখট ও গেন্ট, নেদারল্যান্ডসের আয়াক্স, জার্মানির শালকে, ফ্রান্সের অলিম্পিক লিঁও, স্পেনের সেল্টা ভিগো ও তুরস্কের বেসিকতাস। গোল ডটকম/বাসস