রাজধানীতে নয় প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা

রাজধানীতে নয়টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫)।
 
এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আলী বেগ গত বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করেন। এপিবিএন-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।
 
এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল জানান, ফার্মগেট ঢাকাতে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্যের দেয়ালে বিজ্ঞাপন দিয়ে প্রতিষ্ঠানের প্রচারণা করায় ‘উদ্ভাস কোচিং সেন্টার’ এর ব্যবস্থাপক মো. সাজেদ মন্ডলকে ৪০ হাজার টাকা জরিমানা, একই অপরাধে “UCC কোচিং সেন্টার” এর ব্যবস্থাপক মো. তরিকুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা, “QCC কোরিয়ান ভাষা শিক্ষা কোচিং সেন্টার” এর ব্যবস্থাপক মো. জাহাঙ্গীরকে ৫০ হাজার টাকা জরিমানা, “বিজয় কোচিং সেন্টার”এর ব্যবস্থাপক মো. সোহেল রানাকে ১০ হাজার টাকা, “Global It & language Institute Ltd.” এর ব্যবস্থাপক মো. ইব্রাহীম আলমকে ৫০ হাজার টাকা, “Scholars কোচিং সেন্টার” এর ব্যবস্থাপক মো. আলিমুজ্জামানকে ৫০ হাজার টাকা, তাদের অপরাধ স্বীকার করলে দেয়াল লিখন (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ এর ৩ ধারা ভঙ্গের কারণে সর্বমোট দুই লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং র্ফামগেট ঢাকাতে “বেবী হোটেল” অস্বাস্থ্যকর পরিবেশ খাবার পরিবেশন ও বিক্রয় করায় এর ব্যবস্থাপক মো. জহিরুল ইসলামকে ২০ হাজার টাকা এবং “চাইনিজ নিউ প্লাজা” এর ব্যবস্থাপক মো. শাহ আলমকে ৩০ হাজার টাকা, “কাকুর চিকেন হোটেল” এর ব্যবস্থাপক মো. ছায়েদুর হাসানকে ২০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আলী বেগ।
 
ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে” বলে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল জানান।