'প্রতিদিনই শিশুদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরতে হবে'

 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, 'শুধু বিশেষ দিনে নয়, প্রতিদিনই শিশুদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ তুলে ধরতে হবে। তার আদর্শ ধারণ করতে পারলেই শিশুরা পরিপূর্ণ মানুষ হিসেবে বিকশিত হতে পারবে।'
 
শুক্রবার ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আরেফিন সিদ্দিক একথা বলেন।
 
উপাচার্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শের সঙ্গে নতুন প্রজন্মকে সংযুক্ত করার উপর গুরুত্বারোপ করেন। তিনি এসময় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, '১৯৭৪ সালে জাতিসংঘে প্রদত্ত ভাষণে বঙ্গবন্ধু বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অস্ত্র প্রতিযোগিতা বন্ধ এবং নিরন্ন মানুষকে অন্ন প্রদানের আহ্বান জানিয়েছিলেন।'
 
এদিকে আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ১৭মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ, আলোচনা সভা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সঙ্গীতানুষ্ঠান প্রভৃতি।