জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ (এ) বলেছেন, চলতি মাসেই ২৫টি রাজনৈতিক দল নিয়ে জোট গঠন করবো। এর মধ্যে ৬টি দল নিবন্ধিত। এ জোট গঠনের কাজ এগিয়ে চলেছে।
শুক্রবার রংপুরে তার নিজ বাসভবন পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তত্ত্বাবধায়ক সরকারের সময় ব্যবসায়ীদের কাছ থেকে নেয়া অর্থ ফেরত দেয়া প্রসঙ্গে তিনি বলেন, তত্বাবধায়ক সরকারের সময় ব্যবসায়ীদের কাছ হতে নেয়া অর্থ ফেরতের জন্য উচ্চ আদালত সরকারকে যে আদেশ দিয়েছেন তা সঠিক বলে মনে করি। এটা ভালো কাজ। কেননা তত্বাবধায়ক সরকারের আমলে ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে এ টাকা নেয়া হয়েছিল।
হাইকোর্টের সামনে স্থাপিত ভাস্কর্য সম্পর্কে তিনি বলেন, আমি অন্য কোন হাইকোর্টের সামনে এ ধরনের ভাষ্কর্য দেখিনি। তাছাড়া এটা গ্রিক আদলের ভাস্কর্য নয়। এটা শাড়ি পরানো ভাস্কর্য। তাই এর বিরুদ্ধে আন্দোলন করার কিছু নেই।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির (এ) মহাসচিব রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারপার্সন জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য সোহেল রানাসহ জেলা ও মহানগরের একাধিক নেতারা।
আগামীকাল শনিবার রংপুর পাবলিক লাইব্রেবি মাঠে আয়োজিত দলের রংপুর মহানগর সম্মেলনে যোগ দেবেন তিনি।