‘শুধু বাংলাদেশ নয়, বিশ্বের নিপীড়িত মানুষের নেতা ছিলেন বঙ্গবন্ধু’

স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি সমগ্র বিশ্বের নিপীড়িত মানুষের নেতা ছিলেন।
 
তিনি বলেন, বিশ্বের বঞ্চিত জনগোষ্ঠী তাদের আজীবন প্রাণশক্তির জন্য যে কোন সংকটে বঙ্গবন্ধুকে খুঁজবে। 
 
আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসব আয়োজন কমিটির আজিমপুর কমিউনিটি সেন্টারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে ৭ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
 
১৯৫২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন ঘটনাপ্রবাহের ধারাবাহিক বিবরণ দিয়ে স্পিকার বলেন, মার্চ মাস বাঙালিদের জাতীয় জীবনে এক ঐতিহাসিক মাস। এ মাসেই বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেন। এ মাসেই তিনি জন্মগ্রহণ করেন এবং এ মাসেই বাঙালির জাতীয় জীবনে ২৫ মার্চের নারকীয় ঘটনা সংঘটিত হয়। আর এ মাসেই তিনি স্বাধীনতার ঘোষণা দেন। তাই এ মাসের তাৎপর্য জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
 
বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসব আয়োজন কমিটির সভাপতি ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আলহাজ হাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান, ঢাকা ওয়াসার চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, উৎসব আয়োজন কমিটির উপদেষ্টা ওমর আলী এবং উৎসব আয়োজন কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানা অনুষ্ঠানে বক্তৃতা করেন।