কাফরুলে চলন্ত গাড়ির ধাক্কায় একজন নিহত

রাজধানীর কাফরুলে চলন্ত গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর। নিহত ব্যক্তি মানসিক ভারসম্যহীন বলে ধারণা করা হচ্ছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে। 
 
কাফরুল থানার এসআই ফেরদৌস আহম্মদ জানান, কাফরুল এলাকায় আগারগাও লাইট ক্রসিং এর পাশে আজ ভোরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। তার পরনে বেশ কয়েকটি জামা ছিল। মৃত ব্যক্তিটি মানসিক ভারসম্যহীন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।