দেশের যেখানেই জঙ্গি, সেখানেই গণপ্রতিরোধ গড়ে তুলতে সংগঠনের নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ। তিনি বলেন, জঙ্গিরা দেশ ও জনগনের শত্রু। জঙ্গি দমনে জনগনকে সঙ্গে নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
শনিবার দুপুরে ছাত্রলীগের প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি। ২১ মার্চ মাগুরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে আসাদুজ্জামান অডিটোরিয়ামে জেলা ছাত্রলীগ এ সভার আয়োজন করে।
ছাত্রলীগ সভাপতি বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে কাজ করছে। এ বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স। আইন-শৃঙ্খলা বাহিনীও জঙ্গি দমনে আন্তরিকভাবেই কাজ করছে। কিন্তু জঙ্গিরা দেশকে আবারো অস্থিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তারা আবার মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করছে।
ছাত্রলীগের নেতা-কর্মীরা বেঁচে থাকতে তা হতে দেয়া হবে না। জঙ্গি দমনে আইন-শৃঙ্খলা বাহিনীকে ছাত্রলীগ সহায়তা করতে সর্বদা প্রস্তুত বলেও জানান তিনি।
সাইফুর রহমান সোহাগ বলেন, আগামী ২১ মার্চ মাগুরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা অনুষ্ঠিত হবে। এ জনসভায় ছাত্রলীগ সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করবে। মাগুরা ও আশপাশের বিভিন্ন জেলা, বিশ্ববিদ্যালয়, কলেজসহ সকল ইউনিটের নেতা-কর্মীরা জনসভাকে সফল করবে।
মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেলের সঞ্চালণায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ডা. তোফাজ্জেল হক চয়ন, এম আমিনুল ইসলাম, মাগুরা জেলা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা আবু হুসাইন বিপু, সাংগঠনিক সম্পাদক শওকতুজ্জামান সৈকত, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।