আত্মঘাতী জঙ্গিদের মাধ্যমে ‘দুর্ঘটনা ঘটানোর’ ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, এ ধরনের ষড়যন্ত্র সফল হবে না।
শনিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে তিনি বলেন, জঙ্গিদের উদ্দেশ্য হলো উন্নয়ন বাধাগ্রস্ত করা। তারা আত্মঘাতী হচ্ছে। তাদের পক্ষেও কথা বলার লোক আছে। গত শুক্রবার রাজধানীর আশকোনায় আত্মঘাতী জঙ্গির উদাহরণ টেনে তিনি বলেন, এর মাধ্যমে দুর্ঘটনা ঘটানোর ষড়যন্ত্র চলছে। কিন্তু তারা সফল হবে না।
প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকদের গার্মেন্টস কারখানায় নিয়োগদানের লক্ষ্যে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ দিনব্যাপী কর্মসংস্থান মেলার আয়োজন করে। আজ শনিবার ওই মেলার উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় শ্রম ও কমংসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ নাসির, সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, আতিকুল ইসলাম, অর্থ সচিব হেদায়েত উল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।