কক্সবাজারে তিন দিনব্যাপী ‘দ্য লংগেস্ট ওয়াক’ শুরু

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতকে দেশে ও বিশ্বদরবারে সুদৃঢ়ভাবে তুলে ধরার লক্ষ্যে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘দি লংগেস্ট ওয়াক-২০১৭’। শনিবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট থেকে এ হাঁটার উদ্বোধন করা হয়।

সৈকতের লাবনী পয়েন্ট থেকে শুরু হওয়া কার্যক্রম ১০০ কিলোমিটার হেঁটে সোমবার টেকনাফের শাহপরী দ্বীপ পৌঁছবে। এতে ৩০ জন অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারীর মধ্যে শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী মানুষ ও মুক্তিযোদ্ধারা রয়েছেন। অংশগ্রহণকারীরা হাঁটার পথে সৈকতে ময়লা-আবর্জনা পরিষ্কার করবেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ                ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী ড. মোহাম্মদ নাছির উদ্দিন। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পর্যটন কর্পোরেশনের পরিচালক (বাণিজ্য) শাহদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আব্দুর রহমান, ট্যুরিস্ট পুলিশের সিনিয়র এএসপি হোসেইন মোহাম্মদ রায়হান কাজেমি, বেজ ক্যাম্পের ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক।

বাংলাদেশের প্রথম অ্যাডভেঞ্চার ও আউটডোর অ্যাক্টিভিটি প্রতিষ্ঠান বেজক্যাম্প বাংলাদেশ লিমিটেডের আয়োজনে  কার্যক্রমে সহ-আয়োজক রয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এতে সার্বিক সহায়তা করে কক্সবাজার জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ।

ইত্তেফাক/নূহু