লোহাগাড়া সড়কে ভারী যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

 
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দরবেশহাট ডিসি সড়কের উপর দিয়ে অতিরিক্ত ভারী মাল বোঝাই গাড়ি চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনে  মানববন্ধন করে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
 
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান,  ২০ কিলোমিটার দৈর্ঘ্যরে লোহাগাড়া দরবেশহাট ডিসি সড়কটি চট্টগ্রাম-লোহাগাড়া হয়ে বান্দরবান-লামা-আলীকদম-কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকার সঙ্গে সংযোগ রয়েছে। সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় অধলক্ষাধিক মানুষ চলাচল করে। অথচ ধারণ ক্ষমতার অতিরিক্ত মালবোঝাই (ইট, বালু, কাঠ) গাড়ী চলাচলের কারণে  সড়কটি প্রতিনিয়ত ক্ষতির সম্মুখিন হচ্ছে। বর্তমানে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য পড়েছে। পুরো সড়কে  অসংখ্য বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।  সামান্য বৃষ্টিতে হাটু পরিমান পানি জমে থাকে সড়কে।
 
ফলে এলাকাবাসী এই সড়কটির উপর দিয়ে ধারণ ক্ষমতার অতিরিক্ত ভারী মালবোঝাই গাড়ি চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছে। উপজেলা এলজিইডি প্রকৌশলী প্রতিপদ দেওয়ান জানান,  সড়কটি দিয়ে ৫ টনের অধিক ভারী মালবোঝাই গাড়ী চলাচল করার নিয়ম নেই। কিন্তু বর্তমানে ৩৫/৪০ টনের অধিক ভারী মাল বোঝাই গাড়ী চলাচল করছে। অতিরিক্ত ভারী মালবোঝাই গাড়ী চলাচলের কারণে সড়কটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।