সুন্দরবনে মধু আহরণ করতে যাচ্ছে মৌয়ালরা

 

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে চলতি বছর মধু আহরণ মৌসুম শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় বুড়ি গোয়ালিনী ফরেস্ট স্টেশন অফিস চত্বরে মধু আহরণ মৌসুমের উদ্বোধন করা হয়। খুলনা বিভাগীয় বন সংরক্ষক ডিএফও বশিরুল আল মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। 

প্রধান অতিথি আনুষ্ঠানিক ভাবে মধু আহরণ মৌসুম উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) জিএম রফিক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সাতক্ষীরা রেঞ্জের সকল কর্মকর্তা কর্মচারী, মৌয়াল, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
 
ডিএফও বশিরুল আল মামুন জানান, এ বছর সাতক্ষীরা রেঞ্জে এক হাজার ৫০ কুইন্টাল মধু এবং ২৬৫ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কুইন্টাল মধু ৭৫০ টাকা এবং প্রতি কুইন্টাল মোমের জন্য এক হাজার ৫০০ টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন: ছিনতাই ও অপহরণের অভিযোগ, জাবি ছাত্রলীগের ৫ কর্মী বহিষ্কার
 
সুন্দরবনে অভয়ারণ্য এলাকায় মৌয়ালরা মধু আহরণ করতে পারবেন না। একবার পাশ নিয়ে মৌয়ালরা সুন্দরবনে ১৪ দিন অবস্থান করতে পারবেন। তাছাড়া সুন্দরবনে অবস্থান করা কালীন মৌয়ালরা কোনো অগ্নিকুণ্ড বা অনুরূপ কোনো দাহ্য পদার্থ বা রাসায়নিক দ্রব্য ব্যবহার করতে পারবেন না। বন্য প্রাণীর হাত থেকে রক্ষার জন্য মৌয়ালদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ১৫ জুন পর্যন্ত আড়াই মাস ব্যাপী সুন্দরবনে মধু আহরণ মৌসুম নির্বিঘ্নে সম্পন্ন করতে মৌয়ালদের যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন বন বিভাগ। 

উদ্বোধনের প্রথম দিনে চারশ মৌয়াল মধু সংগ্রহের জন্য পাশ নিয়ে বনে প্রবেশ করেছেন। 

ইত্তেফাক/অনি