গোলাপগঞ্জে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বার্ষিক মূল্যায়ন কর্মশালা

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (SEQAEP) এর আওতায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির ‘বার্ষিক কর্মসূচি মূল্যায়ন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। এই উপজেলার ৫৪টি সেকায়েপভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও একজন সংগঠককে (সহকারী শিক্ষক/লাইব্রেরিয়ান) নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুনুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন- এমইডাব্লিউ, মাউশির পরিচালক প্রফেসর ড. মো. সেলিম মিয়া, জেলা শিক্ষা অফিসার গোলজার আহমদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সদস্য-সচিব অভিজিৎ কুমার পাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার রীমা দাস, সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. নাজমুল ইসলাম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. নূরে আলম সিদ্দিকী।
 
কর্মশালায় প্রধান অতিথি প্রফেসর ড. মো. সেলিম মিয়া বলেন, বই মানুষের মনকে আলোকিত করে। ইন্টারনেটের যুগেও বইয়ের গুরুত্ব অনেক বেশি। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে, সেকায়েপের এই গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা।