‘ওসমানী বিমানবন্দরে সব দেশের ফ্লাইট ওঠা-নামা করবে’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ওসমানী বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু করে সরকার সিলেটবাসীর দাবি বাস্তবায়ন করেছে। পর্যায়ক্রমে সব দেশের ফ্লাইট এখানে ওঠা-নামা করবে। 
 
রবিবার সকালে ছাতকে গোবিন্দগঞ্জ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ইংলিশ মিডিয়াম স্কুল ব্রিজ একাডেমী হলে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমানের সভাপতিত্বে রাশেদ খান মেনন বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি ক্লিনিক চালু করেছে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হাসপাতাল-ক্লিনিকেও চিকিৎসা সেবা গ্রহণের ব্যাপক সুযোগ রয়েছে এদেশে। গোবিন্দগঞ্জে প্রবাসীদের প্রচেষ্টা ও অর্থায়নে আধুনিক হাসপাতাল নির্মাণ করা হলে একটি বিশাল এলাকার সুবিধা বঞ্চিত মানুষ তাদের স্বাস্থ্যসেবা  নিশ্চিত করতে পারবে। 
 
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-সার্বিক) শফিউল আলম, সিভিল সার্জন আশুতোষ দাস, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক প্রমুখ।