স্বাধীনতার ৪৮ বছর উপলক্ষে ৭ নারীকে সম্মাননা জানালো উইংস

স্বাধীনতার ৪৮ বছর উপলক্ষে ৭ জন নারীকে সম্মাননা জানিয়েছে উইংস। রাজধানীর বারিধারা কূটনৈতিক এনক্লেভ ক্লাব লিমিটেডে গত ২৩ মার্চ বিকেলে এই সম্মাননা জানানো হয়। এ বছর পুরস্কৃতরা হলেন নিশাত মজুমদার (এভারেস্ট ক্লাইম্বার), শহীদ খন্দকার (মুক্তিযোদ্ধা), রুমানা দৌলা (চিকিত্সক), আদিত্য মহসিন (সংগীতশিল্পী), ডলি ইকবাল (নৃত্যশিল্পী), এলিটা করিম (সাংবাদিক ও কণ্ঠশিল্পী) ও মিসেস রোজিনা (উদ্যোক্তা)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি)-এর সহ-সভাপতি রোকেয়া আফজাল রহমান। বিশেষ অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি. সুমের্নো ও বাংলাদেশ হেরিটেজ ক্রাফটস ফাউন্ডেশন উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মনজুর কাদের।

২০১৪ সালের জানুয়ারিতে টুটুলি রহমানের উদ্যোগে ‘উইংস’ যাত্রা শুরু করে। উইংস হলো বাংলাদেশের নারীদের জন্য একটি অলাভজনক সহায়তা সংগঠন। যারা বাংলাদেশে নারীর জীবনযাত্রার উন্নতির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেমন ঢাকা বিশ্বাবিদ্যালয়ের আইন বিভাগে পড়ছেন এমন ২৫ জন সুবিধাবঞ্চিত মেয়েকে সংগঠনটি আর্থিকভাবে সহযোগিতা করছে। উইংস-এর প্রেসিডেন্ট টুটলি রহমান বলেন, ‘নারী ক্ষমতায়নে অসামান্য অবদান রাখার জন্য এ বছর ৭ জন নারীকে সম্মাননা জানানো হয়েছে। কারণ এতে তাদের দেখে অন্য নারীরা উত্সাহিত হবেন।’