‘শেখ হাসিনা থাকলে সংবিধান থাকবে, জঙ্গি নির্মূল হবে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে বাংলাদেশ থাকবে, সংবিধান থাকবে, ১৬ কোটি মানুষের মুখে হাসি ফুটবে, জঙ্গি নির্মূল হবে। 
 
রবিবার দুপুরে বাঘা উপজেলার চণ্ডিপুর ঈদগাঁও মাঠে বাজুবাঘা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এ সব কথা বলেন। 
 
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের (ফজল) সভাপতিত্বে আয়োজিত সভায় পররাষ্ট্র  প্রতিমন্ত্রী আরো বলেন, ১৪ বছর পর বাঘা উপজেলা আওয়ামী লীগের কমিটি হওয়ার কারণে সংগঠন গতিশীল হয়েছে।  এ জন্য প্রত্যেক ইউনিয়নে পর্যায় ক্রমে  প্রতিনিধি সভা করার আহ্বান জানান তিনি। 
 
প্রতিমন্ত্রী বলেন, ব্যক্তিগত লাভের জন্য আমরা কেউ রাজনীতি করিনা। আমরা রাজনীতি করি উন্নয়নের। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি মডেল দেশ হিসাবে পরিচিতি ঘটাতে চান। এ জন্য সকলে সহযোগিতা দরকার।  
 
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঘা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল ইসলাম, বাঘা পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল আলম প্রমুখ।