বাঁ-হাতি স্পিনার হিসেবে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় পঞ্চম স্থানে উঠে এলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের শততম টেস্টে ৬ উইকেট নেন তিনি।
ফলে বাঁ-হাতি স্পিনার হিসেবে সাকিবের উইকেট শিকার গিয়ে দাঁড়ায় ৪৯ ম্যাচে ১৭৬-এ। এই তালিকায় সবার উপরে আছেন শ্রীলংকার অধিনায়ক রঙ্গনা হেরাথ। তার উইকেট সংখ্যা ৮০ ম্যাচে ৩৭৩। বাংলাদেশের বিপক্ষে গল টেস্টে ৯ উইকেট নিয়ে এই তালিকার শীর্ষস্থান দখলে নেন হেরাথ।
ফলে দ্বিতীয় স্থানে নেমে যান দীর্ঘদিন এই তালিকায় সবার উপরে থাকা নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। ১১৩ ম্যাচে ভেট্টোরির উইকেট ৩৬২টি। তৃতীয়স্থানে রয়েছেন ইংল্যান্ডের সাবেক বাঁ-হাতি স্পিনার ডেরেক আন্ডারউড। তার ঝুলিতে আছে ৮৬ ম্যাচে ২৯৭ উইকেট। ৬৭ ম্যাচে ২৬৬ উইকেট নিয়ে এই তালিকায় চতুর্থ স্থানে আছেন ভারতের বিষেন সিং বেদি।
সাকিব পঞ্চম স্থানে উঠে আসায় ষষ্ঠ স্থানে নেমে যেতে হল ইংল্যান্ডের টনি লককে। ৪৯ ম্যাচে ১৭৪ উইকেট নিয়ে দীর্ঘদিন পঞ্চম স্থানে ছিলেন লক।