সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে আলোচিত সিনেমা ‘ভয়ংকর সুন্দর’। গত ১৬ মার্চ ছবিটি মুক্তির ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বাংলাদেশে অভিনীত প্রথম চলচ্চিত্র এটি। আর নির্মাতা অনিমেষ আইচের এটি দ্বিতীয় চলচ্চিত্র।
যদিও পরমব্রতের অভিনয় করা দ্বিতীয় চলচ্চিত্র সম্প্রতি মুক্তি পেয়েছে। এবার অভিনয় করা প্রথম চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’-এর মুক্তির অপেক্ষা। আর চলচ্চিত্রের মুক্তির তারিখ ঘোষণার পর আবার বাংলাদেশে আসবেন জনপ্রিয় এই অভিনেতা।
চলচ্চিত্রটি মুক্তির আগে ও পরের প্রচার-প্রচারণায় অংশ নিতেই তিনি বাংলাদেশ আসবেন। চলচ্চিত্রটি মুক্তি প্রসঙ্গে নির্মাতা অনিমেষ আইচ বলেন, ‘আশা করি দুই-একদিনের মধ্যে আমরা ভয়ংকর সুন্দর মুক্তির তারিখ ঘোষণা দেবো। এ মাসের মধ্যে পর্যায়ক্রমে চলচ্চিত্রটির ৪টি গান ইউটিউবে মুক্তি দেওয়া হবে। মুক্তির তারিখ ঘোষণার পর অফিশিয়ালী এর প্রচার-প্রচারণার কাজ শুরু করবো। আমরা যখন চলচ্চিত্রটির টিজার ছেড়েছিলাম তখন থেকেই অনেক মানুষের সাড়া পাচ্ছি। প্রায় ১ বছর হলো এটির শুটিং শেষ হয়েছে, তাই দর্শকও মুখিয়ে আছেন। আর এ কারণে মুক্তির প্রথমদিকে সিনেমা হলের প্রতি জোর না দিয়ে দর্শক আগ্রহকে প্রাধান্য দেবো।’
চলচ্চিত্রটিতে পরমব্রতের অভিনয় নিয়েও তিনি বেশ আশাবাদী। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘পরমব্রত অসাধারণ মাপের একজন অভিনেতা। রোমান্টিক একটি চরিত্রে তাকে এই চলচ্চিত্রে দেখা যাবে, তবে একটু ব্যতিক্রমী উপস্থাপনার মাধ্যমে। পরমব্রত যে মানের অভিনেতা, আশা করছি দর্শকদের প্রত্যাশার জায়গা খানিকটা হলেও সে পূরণ করতে সক্ষম হবে।’
মতি নন্দীর ছোটগল্প ‘জলের ঘূর্ণি ও বক বক শব্দ’ অবলম্বনে ‘ভয়ংকর সুন্দর’ ছবির সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন অনিমেষ আইচ। থ্রিলার ধাঁচের গল্প নিয়ে তৈরি এই ছবিতে পরমব্রতের বিপরীতে অভিনয় করেছেন ভাবনা।
উল্লেখ্য, অনিমেষ শুধু পরিচালনা নয়, সম্প্রতি অভিনয় করছেন ‘দেবী’ চলচ্চিত্রে। যেখানে আনিস নামে একটি চরিত্রে দেখা যাবে ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের এই নির্মাতাকে।