এরশাদের রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলা

দুদকের রিভিউ খারিজ, অবশিষ্ট সাক্ষীদের সাক্ষ্য নেয়ার সুযোগ নেই

 
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতির মামলায় অবশিষ্ট সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করার সুযোগ নেই। হাইকোর্ট এই মামলায় অবশিষ্ট সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছিল। কিন্তু আপিল বিভাগ হাইকোর্টের এই আদেশ বাতিল করেছে। আপিল বিভাগে এই আদেশ পুনর্বিবেচনা চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা রিভিউ আবেদন আজ সোমবার খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ। এর ফলে এই মামলার অবশিষ্ট সাক্ষী গ্রহণের আর কোন সুযোগ থাকল না।
 
রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতির মামলায় ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেছে বিচারিক আদলত। এই সাক্ষ্য গ্রহণ পর্যাপ্ত নয় উল্লেখ করে অবশিষ্ট সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য আবেদন করে দুদক। কিন্তু ঐ আবেদন ঢাকার বিশেষ জজ আদালত খারিজ করে দেয়। এর বিরুদ্ধে হাইকোর্টে আসে দুদক।
 
১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো এরশাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করে। ফ্রান্সের থমসন সিএসএফ কোম্পানির অত্যাধুনিক রাডার না ক্রয় করে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিন কোম্পানির রাডার কিনে রাষ্ট্রের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকা আর্থিক ক্ষতি সাধনের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১৯৯৫ সালের ১২ আগস্ট এরশাদসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হলেও ১৯৯৮ সাল পর্যন্ত মামলার কার্যক্রম উচ্চ আদালতের আদেশে স্থগিত ছিল।
 
১৮ বছর পর স্থগিতাদেশ প্রত্যাহার হলে ২০১০ সালের ১৯ আগস্ট বাদীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলার বিচার কার্যক্রম পুনরায় শুরু হয়। এরপর ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য রাখে আদালত। কিন্তু এই সাক্ষ্য পর্যাপ্ত নয় উল্লেখ করে অবশিষ্ট সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য আবেদন করে দুদক। ঐ আবেদন গত ৮ নভেম্বর খারিজ করে দেয় ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ঐ খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করে দুদক।