বিশ্বব্যাপী জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান সিসামি স্ট্রিটে বিগ বার্ড, কুকি মনস্টার কিংবা গড়গড় করা অস্কার নামের মাপেট বা চরিত্রগুলো গত ৫০ বছর ধরে শিশুদের মনোজয় করে আসছে। এবার অনুষ্ঠানটিতে যুক্ত হচ্ছে একটি অটিস্টিক চরিত্র।
জুলিয়া নামের এই চরিত্রটি এপ্রিল মাস থেকে পর্দায় দেখা যাবে। মেয়েটির চুল কমলা রঙ এর, তার একটি খেলনা খরগোশ আছে, আর সে অটিজমে আক্রান্ত। ইতিমধ্যেই সিসামি স্ট্রিটের ডিজিটাল ও প্রিন্ট সংস্করণে গল্পের বই এ জুলিয়া চরিত্রটি অন্তর্ভুক্ত হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী অটিজম আক্রান্ত মানুষের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বিষয়টি নিয়ে সচেতনতাও বেড়েছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ বিভাগের হিসাব অনুযায়ী, দেশটির প্রতি ৬৮জনে একজন শিশু অটিজমে আক্রান্ত। ফলে বিষয়টি নিয়ে সচেতনতার জন্যই শিশুদের কাছে জুলিয়াকে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে পর্দায়।
উল্লেখ্য, সিসামি স্ট্রিটের বাংলাদেশ সংস্করণ সিসিমপুর এবং এর হালুম, ইকরি, টুকটুকি আর সিকু শিশুদের কাছে অত্যন্ত জনপ্রিয় চরিত্র।