শিবগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
 
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু ট্রাইবুনাল-২ আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।
 
দণ্ডপ্রাপ্ত রুবেল জেলার শিবগঞ্জ উপজেলার শিবনগর পোড়া গ্রামের তাজেল আলীর ছেলে।
 
মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১ জুলাই আসামি রুবেল তার স্ত্রী সুবর্ণা আকতার ববিতাকে পিটিয়ে দুহাত বেঁধে হত্যা করে ঘরের মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে দেয় এবং আত্মহত্যা করেছে বলে প্রচার চালায়। পরে পুলিশ দুহাত বাঁধা অবস্থায় ববিতার ঝুলন্ত লাশ উদ্ধার করে।  এ ঘটনায় ববিতার বাবা শরিফুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।