আত্মসমর্পণ করবে বাগমারার ৮০ জনসহ ১৭ জেলার চরমপন্থি

বাগমারা তথা উত্তরাঞ্চলের কুখ্যাত সর্বহারা (চরমপন্থি) আর্ট বাবুর নেতৃত্বে চিহ্নিত, তালিকাভুক্ত ও হত্যাসহ বিভিন্ন মামলার আসামী ৮০ জন সর্বহারা (চরমপন্থি) আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।  এসব সর্বহারা ক্যাডাররা সরকার ঘোষিত সাধারণ ক্ষমায় আত্মসমর্পণের সুযোগ, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা এবং স্বাভাবিক জীবনে ফিরে জীবিকা নির্বাহের জন্য আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। আর্ট বাবুর নেতৃত্বে এসব সর্বহারারা আগামী ৯ এপ্রিল পাবনা জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আত্মসমর্পণ করবেন। এছাড়া ওই অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। রাজশাহীর পুলিশ সুপার, জেলার একটি গোয়েন্দা সংস্থা, বাগমারা থানা পুলিশের একাধিক সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
 
জানা গেছে, ওই দিন পাবনা জেলা স্টেডিয়ামে রাজশাহী বিভাগের ১৬ জেলা ও কুষ্টিয়া জেলা মিলে মোট ১৭ জেলার সর্বহারা (চরমপন্থি) ক্যাডারসহ মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধ জগতের গডফাদাররা আত্মসমর্পণ করবেন। 

জানা গেছে, ইতিমধ্যে আর্ট বাবু আত্মসমর্পণের তালিকায় ৮০ জনের নাম জমা দিয়েছেন। তবে ওই দিন তার নেতৃত্বে ২০ জন ক্যাডার আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত থেকে আগ্নেয়াস্ত্র জমা দেবেন।

আত্মসমর্পণ তালিকায় নাম থাকা হামিরকুৎসা এলাকার একজন জানান, তারা আর্ট বাবুর নেতৃত্বে আগামী ৯ এপ্রিল পাবনা জেলা স্টেডিয়ামে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। আত্মসমর্পণ করে তারা কী পাবেন এমন প্রশ্নে তিনি জানান, তাদের আর্থিক ভাবে পুনর্বাসিত, মামলা প্রত্যাহারসহ স্বাভাবিক জীবনে ফিরে যাবার জন্য সার্বিকভাবে সহযোগিতা করা হবে। 

আত্মগোপনে থাকা আরো কয়েকজন ক্যাডার জানান, প্রায় এক যুগ ধরে তারা আত্মগোপন করে চলেন। চিটাগাংসহ বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে কাজ করে বেড়ান। এলাকায় আসেন মাঝে মধ্যে। এ কারণে পরিবার থেকে তারা বিচ্ছিন্ন। তারা চান স্বাভাবিক জীবনে ফিরতে। এই জন্য তারা আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। 
 
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, আগামী ৯ এপ্রিল পাবনা জেলা স্টেডিয়ামে রাজশাহী বিভাগের ১৬ জেলা সহ কুষ্টিয়া জেলার যেসব অপরাধীরা আত্মসমর্পণ করবেন সেখানে বাগমারা থেকেও বেশ কিছু সর্বহারা (চরমপন্থি) ক্যাডার আত্মসমর্পণের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আত্মসমর্পণের তালিকায় কাদের নাম রয়েছে এমন প্রশ্নে তিনি জানান, তারা সবাই সর্বহারা (চরমপন্থি) ক্যাডার হিসাবে পরিচিত। আর্ট বাবুর নেতৃত্বে ওই দিন তারা আত্মসমর্পণ করবেন। 

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহীর পুলিশ সুপার শহিদুল্লাহ জানান, বাগমারার সর্বহারা (চরমপন্থি) ক্যাডারসহ রাজশাহী বিভাগের সকল জেলা উপজেলার মাদক সম্রাটসহ বড় মাপের অপরাধীরা আত্মসমর্পণ করবেন। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আত্মসমর্পণের উদ্যোগে গ্রহণ করেছে। আত্মসমর্পণকারীদের কী ভাবে পুনর্বাসিত করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সরকারের সিদ্ধান্তের বিষয়। তবে এসব অপরাধীরা যাতে স্বাভাবিক জীবনে ফিরে দেশের উন্নয়নে আত্মনিয়োগ করতে পারে সেভাবেই তাদেরকে পুনর্বাসিত করা হবে। 

আরো পড়ুন: ছিনতাই ও অপহরণের অভিযোগ, জাবি ছাত্রলীগের ৫ কর্মী বহিষ্কার

এসব বিষয়ে জানতে চাইলে রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, ২০০৫ সালের আগের রক্তাক্ত অশান্ত বাগমারাকে আজকের অবস্থায় আনতে ব্যাপক পরিশ্রম করতে হয়েছে। তার মতে, দীর্ঘ সাধনার ফলে বাগমারাকে বর্তমানে একটি শিক্ষা নগরী ও উন্নয়নের রোল মডেলে পরিণত করা সম্ভব হয়েছে। 

ইত্তেফাক/অনি