নাসিরনগরে সংঘর্ষে নারীসহ আহত ৪০

নাসিরনগরের ধরমন্ডল গ্রামে আজ সোমবার দুপুরে দু‘পক্ষের সংঘর্ষে মহিলাসহ প্রায় ৪০ জন আহত হয়েছে। আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে রিয়াজ উদ্দিন ও সিদ্দিক আলীর লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই গ্রামে পুলিশ মোতায়েন ছিল। 
 
পুলিশ ও এলাকবাসী জানায়, আধিপাত্য বিস্তার নিয়ে ওই গ্রামেরই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে  বিরোধ চলছিল। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার বেলা ১২টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দু'ঘণ্টা সংঘর্ষে মহিলাসহ ৪০ জন আহত হয়।সংবাদ পেয়ে নাসিরনগর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে আহতদের মধ্যে আদর আলী (৩০), স্বপন (২২), জাহানারা (৪০), শাহজাহান (২৬), সোহেলসহ (২৫) বেশ কয়েকজনকে হবিগঞ্জ ও সিলেট ওসমানী নগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাহার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শক্রতার জের ধরে দু’টি পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। 
 
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু জাফর জানান, এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।