জার্মান তারকা ফুটবলার লুকাস পোডলস্কিকে আনুষ্ঠানিক বিদায় জানাতে এক প্রীতি ম্যাচের আয়োজন করেছে জার্মানী। আগামী বুধবার অনুষ্ঠিতব্য ম্যাচে ইংল্যান্ডের সাউথগেটের মোকাবেলা করবে বিশ্ব চ্যাম্পিয়নরা।
পোডলস্কির ওই বিদায়ী ম্যাচে জার্মান দলে অভিষেক ঘটতে যাচ্ছে উদীয়মান সুপারস্টার টিমো ওয়ার্নারের।
দীর্ঘ সময় ধরেই সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার বিকল্প খুঁজতে হিমসিম খাচ্ছে জার্মান জাতীয় দল। ১৩৭টি আন্তর্জাতিক ম্যাচ থেকে ৭১ গোল আদায় করা এই জার্মান কিংবদন্তী ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবার পর অবসরে চলে যান।
এক বছর আগে জাতীয় দলের কোচ জোয়াচিম লো আক্ষেপ করে বলেছিলেন, ভবিষ্যৎ মিরোস্লাভ ক্লোসার সন্ধান না পেয়ে আমি বিস্মিত হচ্ছি। কোথায় মধ্য মাঠের সেই প্রাণ ভোমরা। যিনি ক্ষিপ্রতা দিয়ে দর্শনীয় হেডের সাহায্যে ও দূরদর্শীতা দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগকে সব সময় আতঙ্কের মধ্যে রাখবেন।
তবে এখন নিজের সেই প্রশ্নের জবাব পেয়ে গেছেন বলে মনে করেন লো। লো’র সেই ব্যক্তিটি হচ্ছে ওয়ার্নার। রাশিয়ায় অনুষ্ঠেয় কনফেডারেশন কাপেই ওয়ার্নার নিজের যোগ্যতার প্রমাণ দিতে সক্ষম হবেন বলে আশা করছেন জার্মান কোচ।
পত্র পত্রিকার রিপোর্টে বলা হচ্ছে যে ২১ বছর বয়সি এই উদীয়মান তারকা জাতীয় দলের কোচের যেমন দৃস্টি কেড়েছে তেমনি নজর কেড়েছে লিভারপুলেরও। ক্যারিয়ারের প্রথমবারের মত বুন্দেস লীগায় অংশ নিয়ে তিনি লিপজিগের হয়ে এরই মধ্যে করেছেন ১৪ গোল। লো বলেছেন, বিশ্বমানের খেলোয়াড় হবার সব ধরনের যোগ্যতা ওয়ার্নারের মধ্যে রয়েছে।
পোডলস্কিকে বিদায় জানিয়ে লো নতুন স্ট্রাইকার হিসেবে এই উদীয়মান তারকাকেই এখন সুযোগ করে দিতে চান। ইংলিশ দলের বিপক্ষে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রীত ম্যাচে আসলে পোডলস্কির গুনকীর্তনই করা হবে। যিনি গতবছরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে ফেলেছেন। এখন শুধুমাত্র আনুষ্ঠানিক বিদায় জানাতেই তাকে এই ম্যাচের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
৩১ বছর বয়সী এই তারকা জার্মানীর হয়ে ১৪৮টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে ৪৮টি গোল করেছেন। তবে ২০১২ ইউরো ফাইনালের পর থেকে আর জাতীয় দলের প্রথম একাদশে খেলার সুযোগ হয়নি তার।