‘আমাদের মেধাগুলোকে কাজের সুযোগ দিতে হবে’

 
সজল নূর। টিভি নাটকের ক্যারিয়ারের অনেকদিন পর চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম ছবির দর্শকপ্রিয়তার পর এখন পরবর্তী চলচ্চিত্রে অভিনয় করছেন। পাশাপাশি ছোটপর্দাতেও অভিনয় করেছেন। দুই পর্দাতেই তার ব্যস্ততা ও বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাৎকার নিয়েছেন মোস্তাফিজ মিঠু। ছবি তুলেছেন জীবন আহমেদ
 
বর্তমান সময়ে ব্যস্ত থাকা কাজগুলো প্রসঙ্গে বলুন—
 
এখন মূলত কয়েকটি খণ্ড নাটক ও টেলিফিল্ম নিয়ে ব্যস্ত আছি। কিছুদিন আগে ‘মইষাল’ নামের একটি নাটকে কাজ করলাম। বেশ প্রশংসিত হয়েছিল কাজটি। এছাড়াও সম্প্রতি বেশ কয়েকটি নাটকের শুটিং চলছে।
 
পর্দায় আপনার উপস্থিতি আগের চেয়ে কম। আপনি কি তা মনে করেন?
 
হ্যাঁ, সেটা ইচ্ছাকৃত-ভাবেই কম। এখন নাটকে খুব বেশি অভিনয় করছি না। যেহেতু এখন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করছি। তাই সময়টা ভাগ হয়ে গেছে। চলচ্চিত্রের শুটিং করার সময় অন্য কোথাও শিডিউল দেওয়া সম্ভব হয় না। সেই জায়গা থেকে বড়পর্দাতেই ব্যস্ততাটা বেশি।
 
চলতি সময়ে আপনি ‘হারজিত’ চলচ্চিত্রে অভিনয় করছেন। কিন্তু বেশ অনেকদিন ছবিটির কোনো নতুন খবর নেই। এই প্রসঙ্গে বলুন—
 
ছবিটির গানের রেকর্ডিংয়ের কাজ চলছে। তাই শুটিং বিরতি। রেকর্ডিং শেষ হলেই আমরা আবারো শুটিং শুরু করবো।
 
নাটকে আপনার ক্যারিয়ার খুব কম না। অনেকদিন ধরেই কাজ করছেন। আমাদের টিভি নাটকের অবস্থা নিয়ে কী বলবেন?
 
ভালো খারাপের মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে। নাটকের পরিমাণ বেড়েছে, কিন্তু বাজেট কমেছে। এখন ভালো বাজেট ছাড়া বড় পরিসরে কাজ কিভাবে সম্ভব! এই জায়গাটার উন্নতি প্রয়োজন। আমাদের মেধাগুলোকে কাজের সুযোগ দিতে হবে। তারা অনেক ভালো করবে।
 
বড়পর্দার অভিষেকের পর অনেকেই টিভি নাটক থেকে সড়ে আসেন। আপনার ক্ষেত্রে কী বলবেন?
 
আমি মূলত অভিনয়টা করতে চাই। আমাদের চলচ্চিত্রের বাজার অনেক বড় না যে সারাবছর ব্যস্ত থাকার সুযোগ রয়েছে। আমি ভালো গল্প পেলে চলচ্চিত্রে, বাকী সময়টা টিভি নাটকে কাজ করছি। দিন শেষে আমি অভিনয় করেই ফিরছি, হোক টিভি নাটক বা চলচ্চিত্র।