নওগাঁর মান্দায় গ্যাসের সন্ধান

নওগাঁর মান্দা উপজেলার কসব ইউপির বনকুড়া গ্রামে গ্যাসের সন্ধান মিলেছে। প্রায় এক সপ্তাহ আগে ময়েজ উদ্দিনের বাড়ির নলকূপ মেরামত করতে গিয়ে গ্যাসের সন্ধান পাওয়া যায়। পরে পর্যায়ক্রমে  গ্রামের মোজাম্মেল হকের বাড়ি, আব্দুল জব্বারের বাড়িসহ অনেকের নলকূপে গ্যাসের অস্তিত্ব মেলে। গ্রামের অন্য নলকূপ গুলোতেও পানির পরিবর্তে বের হচ্ছে গ্যাস। গ্যাস বের হওয়ায় একটি গভীর নলকূপ বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, নলকূপের পাইপে যে গ্যাস পাওয়া যাচ্ছে তাতে আগুন ধরিয়ে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়েছে। গ্যাসের উদগীরণ দেখতে প্রতিদিন বিভিন্ন গ্রামের উৎসুক জনতা ভিড় করছে বনকুড়া গ্রামে। 

স্থানীয় বাসিন্দা ময়েজ উদ্দিন প্রামাণিক জানান, তার বাড়ির ভেতরে স্থাপনকৃত নলকূপে কয়েকদিন ধরে পানি উঠছিল না। নতুন করে আবারো টিওবয়েলের পাইপ বসাতে গিয়ে গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়।

গ্রামের আরেক বাসিন্দা আব্দুল জব্বার জানান, বছর চারেক আগে গ্রামের উত্তর পাশে একটি কৃষি জমিতে গ্যাসের সন্ধান পাওয়া যায়। সে সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাপেক্স কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শনসহ গ্যাসের নমুনা সংগ্রহ করে নিয়ে যান। এরপর তাদের আর কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। তিনি আরও বলেন, প্রায় ৪ বছর পর গ্রামের নলকূপ গুলোতে আবারও গ্যাসের সন্ধান পাওয়া গেলো।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান জানান, ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্ঘটনা এড়াতে নলকূপের পাইপের গ্যাসে আগুন না জ্বালানোর জন্য গ্রামের লোকজনকে পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তর ও বাপেক্স কর্তৃপক্ষকে লিখিত আকারে জানানো হবে। এটি মিথেন গ্যাস বলেও জানান তিনি।

আরো পড়ুন: হারিসের সেঞ্চুরি সত্ত্বেও হোয়াইট ওয়াশ পাকিস্তান

নওগাঁ সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো.মিজানুর রহমান বলেন, বিভিন্ন কারণে ভূ-অভ্যন্তরের অগভীরে কয়লা ও মিথেন গ্যাসের অস্তিত্ব থাকতে পারে। সঠিক পরীক্ষার মাধ্যমে মান্দার বনকুড়া গ্রামের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ইত্তেফাক/অনি